গুলশানের হলে আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার ঘটনায় ‘সন্দেহভাজন’ জাকির
হোসেন শাওনের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা
সম্পর্কে ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না বলেও জানান তারা।
এর আগে শাওন মারা গেছেন বলে দাবি করেছিল তার পরিবার। তবে পুলিশ বলছে, সে বেঁচে আছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
শাওনের বাবা আবদুস সাত্তার আজ শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে ছেলের মৃত্যুর খবর গণমাধ্যমকে জানান।
দেবরের মারা যাওয়ার কথা দাবি করেন তার ভাবি ফাতেমা বেগমও। তাদের অভিযোগ শাওনের কাছে পরিবারের কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
শাওনের বেঁচে থাকার কথা জানিয়েছেন ঢামেকের চিকিৎসকরাও। সেখানে কর্তব্যরত ডাক্তার পিযুষ কান্তি ঘােষ বলেন, ‘৭২ ঘণ্টার আগে এ বিষয়ে কিছু বলা যাবে না। তার (শাওন) গায়ে স্প্রিন্টার ও লাঠিপেটার চিহ্ন রয়েছে।’
শুক্রবার রাত নয়টার দিকে গুলশানের হলে আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় পুলিশের দুইজন শীর্ষ কর্মকর্তা, ৬ হামলাকারীসহ কমপক্ষে ২৮ জন নিহত হন। যাদের বেশির ভাগই বিদেশি।
ওই ঘটনার পরের দিন জড়িত সন্দেহে পুলিশ অাহত অবস্থায় অাটক করে শাওনকে। তবে ঘটনার পর দায়ের করা মামলার এজাহারে অাসামি হিসেবে তার নাম নেই।







