সপ্তাহ পেরোয়নি ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ফরোয়ার্ড ফেররান তরেসকে ৬৫ মিলিয়নে ন্যু ক্যাম্পে আনতে রাজি করিয়েছে বার্সেলোনা। তালিকায় যুক্ত হতে পারেন আরেক সিটি ফরোয়ার্ড। কোচ জাভি হার্নান্দেজের পছন্দের তালিকায় এখন শীর্ষে রয়েছে রাহিম স্টার্লিংয়ের নাম।
হৃদরোগ জনিত সমস্যার কারণে কিছুদিন আগে ফুটবলকে বিদায় জানিয়েছে বার্সা ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। ফর্মহীনতায় সুযোগ হারাতে চলেছেন ইউসুফ ডেমির। বাদ পড়ার তালিকায় আছে স্যামুয়েল উমতিতি, ফিলিপে কৌতিনহো, সার্জিও দেস্ত ও লুক ডি জংয়ের নামও। কপাল পুড়তে পারে আরও অনেকেরই।
বার্সার সুদিন ফেরাতে কারা হবেন জাভির আস্থার নাম? উঠে আসছে অনেকের কথাই। জাভির নজর আটকে গেছে গার্দিওলার ম্যানসিটির সাইডবেঞ্চে। সিটিজেন কোচ পেপের দলে সুযোগ না পাওয়া ফুটবলার রয়েছেন জাভির পছন্দের তালিকার শীর্ষে। তরেসের পর স্টার্লিংয়ের নাম আসায় সেটা এখন প্রকাশ্য।
২৭ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড চলতি মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ২৩ ম্যাচে করেছেন ৭ গোল। রয়েছে তিনটি অ্যাসিস্ট। তাতেই আস্থা অর্জন করে ফেলেছেন জাভির।








