কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে মোটেও আপোষহীন নয় স্পেন সরকার। প্রদেশটির স্বায়ত্তশাসন কেড়ে নেয়া হয়েছেই, সঙ্গে শুরু হয়েছে স্পেনের সরকারি প্রতিষ্ঠানে নিযুক্ত কাতালান কর্মকর্তাদের গণছাঁটাই। যার খড়গে পড়েছেন সাবেক বার্সেলোনা কোচ পেপ গার্দিওলার বোন ফ্রান্সেসকা গার্দিওলা।
স্পেন সরকারের রাষ্ট্রদূত হয়ে ডেনমার্কে নিযুক্ত ছিলেন ফ্রান্সেসকা। চলতি বছরের মার্চে দায়িত্ব পাওয়ার আট মাসের মাথায় বরখাস্ত করা হল তাকে।
শুধু ফ্রান্সেসকাই নন, কাতালানবাসী সব রাষ্ট্রদূতকে পদ থেকে দেওয়া হয়েছে অব্যাহতি। কেবলমাত্র ব্রাসেলসে নিযুক্ত রাষ্ট্রদূতই বহাল থাকছেন তার পদে।
শুক্রবার রাজধানী মাদ্রিদে স্প্যানিশ সিনেট বসেছিল কাতালোনিয়া ইস্যুতে আলোচনার জন্য। ঠিক সেই সময়েই স্বাধীনতাবাদী এমপিদের সংখ্যাগরিষ্ঠতায় গঠিত কাতালান পার্লামেন্ট ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতা ঘোষণা করে। কাতালোনিয়ার স্বাধীনতা বিরোধী এমপিরা সে সময় ভোট বয়কট করেন।
এরপর সরকারি পদ থেকে একের পর এক কর্মকর্তাদের বরখাস্ত করতে থাকে স্পেন সরকার। তারকা ভাইয়ের বোন হয়েও যার হাত থেকে বাঁচতে পারলেন না ফ্রান্সেসকাও।







