ভারত-দক্ষিণ আফ্রিকার আগামী দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজের নাম হবে ‘দ্য মহাত্মা গান্ধী-নেলসন ম্যান্ডেলা সিরিজ’। সোমবার এ কথা ঘোষণা করে দুই দেশের ক্রিকেট বোর্ড। দুই মহান নেতাকে উৎসর্গ করে টেস্ট সিরিজের ট্রফির নাম দেওয়া হয়েছে ‘ফ্রিডম ট্রফি’।
ভারতীয় ক্রিকেট বোর্ডের( বিসিসিআই) প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া বলেছেন, ‘দু’দেশের মধ্যে একটাই মিল রয়েছে, তা হলো স্বাধীনতা সংগ্রাম। অহিংসা এবং অসহযোগিতাকে হাতিয়ার করেই এই দুই মহান ব্যক্তি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। তাদের উত্সর্গ করেই এই ট্রফির নাম দেওয়া হয়েছে।’
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের চিফ এগ্জিকিউটিভ হারুণ লর্গাট বলেছেন, ‘মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলার মতো মহান ব্যক্তিদের আদর্শ তুলে ধরা দু’দেশের মানুষের কাছে একটা মহৎ কাজ। ক্রিকেটপ্রেমী হিসাবে মাঠে জেতার লড়াই করবো, কিন্তু অবশ্যই ওই ব্যক্তিদের মহান কাজকে ভুলে নয়।’
আগামী অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত হবে ভারত-সাউথ আফ্রিকার তিন টি-২০, পাঁচ ওয়ানডে ও চার টেস্টের সিরিজ।






