মুুসলিম নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার দায়ে এক খ্রিস্টান যুবকের বৃদ্ধা মা-কে উলঙ্গ করে পিটিয়ে তাকে রাস্তায় ঘুরিয়েছে প্রায় ৩’শ জন মুসলিমের একটি বিক্ষুব্ধ দল। মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ মিশরের দক্ষিণাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে এই ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে মিশরের অর্থডক্স কপটিক চার্চ।
গত ২০ মে ওই ঘটনা ঘটার আগেই খ্রিস্টান পরিবারটিকে হুমকি দেয়া হয়েছিলো বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।
বিবৃতিতে বলা হয়, হুমকির বিষয়টি জানার পরও প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়ায় একদল উগ্রপন্থী মানুষ ওই পরিবার এবং আশেপাশের আরও কয়েকটি খ্রিস্টান পরিবারের ওপর হামলা চালায়, পুড়িয়ে দেয়া হয় ৭-৮ টি বসতবাড়ি।
দীর্ঘ দু’ঘণ্টা ধরে এই ধংসযজ্ঞ চলার পর ঘটনাস্থলে পুলিশ আসে বলে অভিযোগ করেছে চার্চ।
তবে খ্রিস্টান নারীকে উলঙ্গ করে রাস্তায় হাঁটানোর অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় গভর্নর তারেক নাসের। ঘটনাটিকে ‘অনাকাঙ্খিত’ বলে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের ওপর দোষ চাপিয়েছেন তিনি।
মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশে মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ খ্রিস্টান। দক্ষিণ মিশরের এই এলাকায় দীর্ঘ দিন ধরেই মুসলিম-খ্রিস্টানদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক ঘটনাকে এই উত্তেজনার বহিঃপ্রকাশ হিসেবেই মনে করে স্থানীয় চার্চ।







