‘খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া এমনই হওয়া উচিৎ’
বিসিবির ক্যাম্পে ডাক পেয়ে নাঈম

একজন ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, দর্শকরা মাঠে উপভোগ করছে, বাংলাদেশি ক্রিকেটের একটি দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান করে ৩ বছর পর বাংলাদেশ দলে ফিরেছেন এনামুল হক বিজয়। আসরে দ্বিতীয় সর্বাধিক রান করা নাঈম ইসলাম সুযোগ পাচ্ছেন ছায়া জাতীয় দল বাংলাদেশ টাইগার্সে। বিশেষায়িত ক্যাম্পের জন্য বুধবার ২৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে আছেন ৮ বছর আগে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা মিডলঅর্ডার ব্যাটার নাঈম ইসলাম।
৩৫ বছর বয়সে বিসিবির অধীনে হতে যাওয়া ক্যাম্পে ডাক পেয়ে বেশ রোমাঞ্চিত নাঈম। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘সবশেষ কবে বিসিবির অধীনে কাজ করেছি মনে করতে পারছি না। মনে হয় ‘এ’ দলের সফরে জিম্বাবুয়ে গিয়েছিলাম। ওটিই শেষ। সত্যি কথা বলতে খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া এমনই হওয়া উচিৎ। যারা ঘরোয়া ক্রিকেটে ভালো করবে তাদের সুযোগ পাওয়া উচিৎ। যদিও আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে আমাদের ঘরোয়ার ব্যবধান অনেক। তারপরও একটা মানদণ্ড থাকতে হবে। সব দেশই এটি অনুসরণ করে আগায়। কেননা ঘরোয়া ক্রিকেট ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম তো নেই। এতে করে সবাই উৎসাহ নিয়ে খেলে। ভালো পারফরম্যান্স করতে মুখিয়ে থাকে। আমি খুবই খুশি ও রোমাঞ্চিত, এত দিন পর সুযোগ পেয়ে সুযোগটা কাজে লাগানোর আপ্রাণ চেষ্টা থাকবে।’
ঢাকা লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ১৫ ম্যাচে ৬৬.০৭ গড়ে ৮৫৯ রান করেন নাঈম। পাঁচটি ফিফটির পাশাপাশি হাঁকান দুটি সেঞ্চুরি। নাঈম প্রথম ৫ ম্যাচেই পেরিয়ে যান ৫০০ রানের ল্যান্ডমার্ক। টানা তিন ম্যাচে নব্বইয়ের ঘরে আউট না হলে সেঞ্চুরির সংখ্যা বাড়তে পারত রূপগঞ্জ অধিনায়কের।
পরে নাঈমকে টপকে ঢাকা লিগে প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার ১,১৩৮ রান করেন ৯ ফিফটি ও তিন সেঞ্চুরিতে। যার ফল সঙ্গে সঙ্গেই পেয়েছেন এ কিপার-ব্যাটার। জুনে ওয়েষ্ট ইন্ডিজ সফরে খেলবেন ওয়ানডে ও টি-টুয়েন্টি। সরাসরি জাতীয় দলে না হলেও ছায়া দলে সুযোগ এলো একসময় তিন ফরম্যাটেই বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করা নাঈমের।
আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প দিয়ে দ্বিতীয়বারের মতো শুরু হবে বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম। ১২ জুন শুরু হবে স্কিল ট্রেনিং ক্যাম্প। চলবে ৫ জুলাই পর্যন্ত। জাতীয় দল থেকে বাদ পড়েছেন বা বোর্ডের নজরে আছেন এমন ক্রিকেটাররা আছেন স্কোয়াডে।
বাংলাদেশ টাইগার্স দল: সাদমান ইসলাম, সাইফ হাসান, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে মাহমুদ রাব্বি, আশিকুল্লাহ আলম, নাহিদুল হক, সানজামুল ইসলাম, নাঈম শেখ, আল-আমিন হোসেন, আবু হায়দার রনি, মেহেদি হাসান রানা, আবু জায়েদ চৌধুরী রাহি, কামরুল ইসলাম রাব্বি, নাঈম ইসলাম, সৌম্য সরকার, রনি তালুকদার, পিনাক ঘোষ, জাকের আলী অনিক, সাজ্জাদুল রিপন, শাহিন আলম, সাব্বির রোমান, জাকিরুল আলম জেম, আব্দুল হালিম, মাইশিকুল রিয়েল, হাসান মাহমুদ, রাকিন আহমেদ, সৈকত আলী, নাজমুল ইসলাম অপু।






