বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হলেও মিরপুরের হোম অব ক্রিকেটে দর্শকদের উল্লাস থেমে নেই।
টুর্নামন্টের উদ্বোধনী ম্যাচকে ঘিরে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেও ছুটির দিন শুক্রবারে ভালো দর্শক সমাগম ঘটেছিল মিরপুর হোম অব ক্রিকেট।
খেলা অনুষ্ঠিত না হলেও বৃষ্টির বাগড়ার মধ্যেই দর্শকরা গলা ফাটিয়েছেন নিজ নিজ দলের জন্য।
মোহাম্মদপুর থেকে আসা রাজশাহী কিংসের সমর্থক সাফি চ্যানেল আই অনলাইনকে বলেন: বৃষ্টির কারণে খেলা না হওয়ায় রাজশাহীর জন্য কিছুটা হতাশ হয়েছি। কিন্তু এক ঝাঁক বন্ধুবান্ধব মিলে নিজ দলকে সাপোর্ট করতে পেরে দারুণ লাগছে।

বিপিএলের উদ্বোধনী ম্যাচ দেখতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সমর্থক রা ছুটে আসে। ছুটির দিন থাকায় অনেকে পুরো পরিবার নিয়ে স্টেডিয়ামের গ্যালারিতে ম্যাচ উপভোগ করতে এসেছিল। তবে ম্যাচ না হওয়ায় হতাশ তারা। তবে অধিকাংশ দর্শকরাই জানিয়েছেন মাঠে এসে তারা আনন্দঘন একটি মুহুর্ত কাটাচ্ছেন।
দর্শকরা আরো জানিয়েছেন, বিপিএলের পুরো টুর্নামেন্টেই তারা তাদের নিজেদের দলকে সাপোর্ট করতে মাঠে উপস্থিত থাকবেন।







