বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে সুস্থ ও স্বাভাবিক রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অাসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে কোন পরিত্যক্ত জায়গায় রাখা হয়নি, তাকে পুরনো কেন্দ্রীয় কারাগারের ডে কেয়ার সেন্টারে রাখা হয়েছে।
বিএনপি চেয়ারপার্সনকে জেলকোড অনুযায়ী সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তিনি কারাগারে সুস্থ, স্বাভাবিক ও নিরাপদে রয়েছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে কারাগারে আটক খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে বুধবার দুপুরে জেলগেটে যান তার ব্যক্তিগত চিকিৎসকরা। ডা. সিরাজউদ্দিনের নেতৃত্বে খালেদা জিয়ার সাত জন ব্যক্তিগত চিকিৎসক তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে জেলগেটে যান। তবে শেষ খবর পর্যন্ত তারা সাক্ষাতের অনুমতি পাননি।
খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য আগে অনুমতি নিয়ে আসেননি চিকিৎসকরা। জেলগেটে পৌঁছে তারা জেল সুপারের কাছে অনুমতির জন্য লিখিত চিঠি পাঠান। চিকিৎসকরা বলেন, আগে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করাতেন খালেদা জিয়া। তবে এখন তিনি কারাগারে আর সেই স্বাস্থ্যপরীক্ষা নিতে পারছেন না বলে জেনেছেন তারা। তাই তার সঙ্গে দেখা করতে এসেছেন।
গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। ওইদিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়াও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।










