কাতালোনিয়ার কোন দল বলতে প্রথম আসে বার্সেলোনার নাম। তবে বার্সা ছাড়াও এস্পানিয়ল এবং জিরোনা কাতালোনিয়ার সুপরিচিত দল। খেলছে লা লিগাতেও। প্রদেশটির স্বাধীনতার দাবিতে বার্সার মত কম-বেশি একাট্টা আছে দল দুটিও। এতেই বিপাকে পড়েছে রিয়াল মাদ্রিদ!
জিরোনার বিপক্ষে কোপা ডেল রের শেষ ৩২’র প্রথম লেগে খেলতে কাতালোনিয়ায় এসেছে জিনেদিন জিদানের দল। এমনিতেই স্বাধীনতার জন্য উত্তাল প্রদেশটি, তারওপর সেখানে খেলতে এসেছে স্পেনের রাজধানী মাদ্রিদের সবচেয়ে বিখ্যাত দল। স্পেনের রাজকীয় আভিজাত্যের ঝাণ্ডা ওড়ানো লস ব্লাঙ্কোসদের মোটেও ভাল চোখে দেখে না কাতালোনিয়াবাসী।
রিয়ালকে তাই যথাযথ নিরাপত্তায় রাখার ব্যবস্থা করেছে ক্লাবটির কর্তৃপক্ষ। পালাউ বেলাভিস্তা নামে যে হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে রিয়াল খেলোয়াড়দের, নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে সেটিকে। খেলোয়াড়দের বাইরে বেরোনোর ব্যাপারে দেওয়া হয়েছে কড়া নিষেধাজ্ঞা।
এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থায় স্বস্তি প্রকাশ করেছে রিয়াল কর্তৃপক্ষ। রাতে খেলোয়াড়রা যেন শান্তিতে ঘুমোতে পারেন সেটাই চাওয়া তাদের। স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী থেকে দেয়া সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাসের বাস্তবায়ন এখন বেনজেমাদের জন্য একরকম খাঁচাবন্দি অবস্থা তৈরি করেছে।
আশা করা হচ্ছে স্বাগতিক সমর্থকরা কোন হাঙ্গামা করবে না। প্রতিপক্ষকে যথার্থ সম্মাননা জানানোর আশ্বাস দিয়েছেন পাবলো মেশিনও। জিরোনার কোচ কথা দিয়েছেন, অন্য দলগুলোকে যেভাবে তারা আতিথিয়েতা দিয়ে থাকেন, রিয়ালের ক্ষেত্রেও হবে না সেটির ভিন্নতা।







