রাশিয়ার তৈরি বাক ক্ষেপনাস্ত্রের আঘাতেই ইউক্রেনে বিধ্বস্ত হয়েছিলো মালয়েশিয় বিমান এমএইচ সেভেন্টিন। ডাচ সেফটি বোর্ডের তদন্তে এ তথ্য জানানো হলেও কারা ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে সে বিষয়ে কোনো কিছু বলা হয়নি। সিরিয়ায় রুশ হামলার মধ্যেই তদন্ত রিপোর্টটি প্রকাশ করলো ডাচ তদন্ত দল।
ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় মালয়েশিয় বিমান বিধ্বস্ত হওয়ার পর দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করে ডাচ সেফটি বোর্ড। নিহত যাত্রীদের পরিবারকে তদন্ত রিপোর্ট জানানোর পরই সংবাদ সম্মেলন করে রিপোর্ট প্রকাশ করে সেফটি বোর্ড। এতে বলা হয় রুশ ক্ষেপনাস্ত্র ৯ এম থ্রি এইট বিউক ক্ষেপণাস্ত্রটি উড়ো জাহাজের সামনে বাম দিকে আঘাত করে।
ককপিটে থাকা তিন পাইলটই ক্ষেপনাস্ত্র আঘাত হানার সঙ্গে সঙ্গেই নিহত হন। তবে মিসাইলটি কারা ছুঁড়েছে সে বিষয়ে রিপোর্টে কিছু বলা হয়নি। ওই অঞ্চলে আকাশ পথ বন্ধ রাখা উচিত ছিলো বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
গত বছরের ১৭ জুলাই ২৯৮ যাত্রী নেদারল্যান্ডসের আমাস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত হয় মালয়েশিয় বিমানটি। নিহতদের বেশিরভাগই ডাচ নাগরিক।
ইউক্রেনসহ পশ্চিমারা বিমান বিধ্বস্তের জন্য রুশপন্থী বিদ্রোহীদের দায়ী করে আসছিলো। তবে রাশিয়ার অভিযোগ, ইউক্রেন থেকে মিসাইলটি ছোঁড়া হয়েছিলো। বিদ্রোহী এবং ইউক্রেন সেনাবাহিনী দুপক্ষের কাছেই বাক ক্ষেপনাস্ত্র রয়েছে।






