ইউক্রেনে মালয়েশীয় বিমান এমএইচ সেভেন্টিনকে রাশিয়াই ভূপাতিত করেছে বলে রিপোর্ট প্রকাশ করেছে ডাচ তদন্ত সংস্থা। তাদের দাবি, বিমানটির সামনের বাম পাশে রাশিয়ার তৈরি মিসাইল হামলার পরই তা বিধ্বস্ত হয়।
রিপোর্টে দেখানো হয়েছে, রাশিয়ার তৈরি বিইউকে মিসাইল, বিমানটির সামনের দিকে বাম পাশে আঘাত হানে এবং তখনই তা ভূপাতিত হয়। বিধ্বস্ত বিমানটির ককপিটেও আঘাতের চিহ্ন দেখা যায়। কিন্তু হামলাটি ইউক্রেন থেকে চালানো হয়েছিলো বলে প্রথম থেকেই দাবি করে আসছে রাশিয়া।
নেদারল্যান্ডস-এর আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে ২০১৪’র ১৭ জুলাই ২শ’ ৯৪ আরোহী নিয়ে ইউক্রেনের মাটিতে বিধ্বস্ত হয় এমএইচ সেভেন্টিন। তাদের মধ্যে ১শ’ ৯৬ জনই ছিলেন ডাচ নাগরিক।
রাশিয়া যখন একের পর এক অভিযান চালাচ্ছে সিরিয়ায় আর আই এস দমনের দাবি করে চালানো অভিযানে যখন নিহত হচ্ছে নারী-শিশুও, তখন ইউক্রেনের মাটিতে মালয়েশীয় বিমান এমএইচ সেভেনটিন বিধ্বস্ত হওয়ার পেছনেও রুশ বাহিনীকেই দায়ী করলো তদন্তকারীরা।






