কোয়ান্টাম কম্পিউটিংয়ের জন্য দ্রুতগতির চিপ তৈরিতে অনেকদিন থেকেই কাজ করছে ইন্টেল। গত অক্টোবরেই ১৭ কোয়ান্টাম বিট (কিউবিট) ক্ষমতার একটি চিপ উন্মুক্ত করেছিল প্রতিষ্ঠানটি। এরই তিন মাস পর এবার প্রায় তিনগুন দ্রুতগতির আরও একটি চিপ তৈরির ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় এ চিপ নির্মাতা প্রতিষ্ঠান।
লাস ভেগাসে চলমান কনজ্যুমার ইলেক্ট্রনিকস শো থেকে আনুষ্ঠানিকভাবে এ চিপটির ঘোষণা দেওয়া হয়েছে। ইন্টেলের কীনোট সেশনে জানানো হয়, নতুন এ চিপটি ৪৯ কিউবিটের।
নতুন এ চিপটিকে কোয়ান্টাম কম্পিউটিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই দেখছেন ইন্টেলের প্রধান নির্বাহী ব্রায়ান ক্রাজানিখ। তিনি বলেন: কোয়ান্টাম কম্পিউটারের আধিপত্যের পরবর্তী ধাপ হিসেবে কাজ করবে এ চিপটি। ইন্টেল ল্যাব এবং এখানকার গবেষকরা কোয়ান্টাম কম্পিউটিংকে আরও এগিয়ে নিতে অঙ্গীকারাবদ্ধ।
ইন্টেলের নতুন এই চিপের সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘ট্যাঙ্গল লেইক’। আলাস্কায় ১৬ মাইল দীর্ঘ এলাকাজুড়ে একাধিক লেইক এ নামে পরিচিত।
কোয়ান্টাম কম্পিউটার সাধারণ কাজের জন্য ব্যবহৃত কম্পিউটার থেকে একেবারেই আলাদা। প্রচলিত কম্পিউটার পারে না, এমন অনেক জটিল সমস্যারও সমাধান করে দিতে সক্ষম কোয়ান্টাম কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটারে আগের থেকে আরও বেশি কিউবিটের চিপসেট ব্যবহারের মাধ্যমে এর প্রসেসিং ক্ষমতা আরও বৃদ্ধি করা সম্ভব। এর মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ে আগের থেকে আরও বেশি সমস্যার সমাধান দিতে পারবে কোয়ান্টাম কম্পিউটার।








