চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাট কোহলির ভারতীয় দলে ভাঙন দেখা দিয়েছে। অসন্তোষের আগুন জ্বলছে প্রধান কোচ অনিল কুম্বলেকে নিয়ে। ভারতীয় ক্রিকেটারদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ড্রেসিংরুমে কোনও স্বাধীনতা না থাকায় ক্রিকেটাররা অখুশি।
ভারত এখন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ব্যস্ত আছে। আসল লড়াই এখনো শুরু হয়নি। প্রস্তুতি পর্ব চলছে। এমন সময় কোহলির সংসারে এভাবে ভাঙন দেখা দেয়ায় দলের ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠছে।
২০১৬ সালে ভারতীয় দলের দায়িত্ব পান কুম্বলে। এখন পর্যন্ত তার অধীনে ভারত বেশ সাফল্য পেয়েছে। দেশের বাইরে পাঁচটি সিরিজে তাদের আধিপত্য ছিল। এছাড়া ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডে স্বল্প ওভারের ক্রিকেটেও তারা ভালো করেছে।
শুধু খেলোয়াড়দেরই নয়, ভারতীয় বোর্ডেরও রোষানলে আছেন কুম্বলে। কোহলিদের সঙ্গে বেতন বাড়ানোর আন্দোলনে নামায় তাকে নিয়ে আলোচনা হচ্ছে। ইতিমধ্যে নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম ধারণা করছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরই নতুন কোচ নিয়োগ দেয়া হবে।







