সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় দিনেই অধিনায়ক বিরাট কোহলির ডাবলের সাথে রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরিতে ভারতের রান সমুদ্রে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।
৮ উইকেটে ৫৬৬ বিশাল স্কাের গড়ে ভারত ইনিংস ঘোষণা করার পর ৩৫ রান তুলতেই এক ওপেনারকে হারিয়েছে ক্যারিবীয়রা। ৯ উইকেট হাতে রেখে এখনো ৫৩৫ রানে পিছিয়ে স্বাগতিকরা।
কোহলির দিনে দুর্দান্ত ব্যাট করেন অশ্বিনও। নিজের তিন নম্বর টেস্ট সেঞ্চুরিটা করেন ২৫৩ বল খেলে। শেষ পর্যন্ত ১১৩ রান করে আউট হন অশ্বিন। আর ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে ঠিক ২০০ রান করে আউট হন কোহলি।
ভারতের ইনিংসে যথেষ্ট কৃতিত্ব আছে লোয়ার অর্ডারদেরও। ঋদ্ধিমান সাহা অল্পের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া করেছেন। ৪০ করে আউট হন ঋদ্ধিমান। কিন্তু লেগস্পিনার অমিত মিশ্র হাফসেঞ্চুরি করেছেন (৫৩)। শেষ দিকে নেমে ভাল ব্যাট করেন মহম্মদ শামিও। দু’টো ছক্কা হাঁকিয়ে তিনি ১৭ রানে অপরাজিত থেকে যান।
জবাবে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের রান ৩৫। ১৬ রান করে আউট হয়েছেন রাজেন্দ্র চন্দ্রিকা। ক্রিজে রয়েছেন ক্রেগ বার্থওয়েট ও নাইটওয়াচম্যান দেবেন্দ্র বিশু।
ভারতের হয়ে একমাত্র উইকেটটি নেন মহম্মদ শামি।










