ঢাকা প্রথম-দ্বিতীয়-তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের পৃষ্ঠপোষক হয়েছে মেঘনা ব্যাংক। তিনটি লিগ আয়োজনে এক কোটি টাকা আয়োজকদের দেবে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতেও ক্রিকেটের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে মেঘনা ব্যাংক কর্তৃপক্ষ।
ঢাকা প্রিমিয়ার লিগেও স্পন্সর দেখা যায় না। তার নিচের সারির লিগে পৃষ্ঠপোষকতা পাওয়া দেশের ক্রিকেটের জন্য বড় ঘটনাই।
নব্বইয়ের দশকে স্পন্সর মিললেও গত দুদশকে দেখা যায়নি স্পন্সর। ঘরোয়া লিগের মান, স্বচ্ছতা ও সুযোগ-সুবিধা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। নানা অভিযোগ থেকে বেরিয়ে জমজমাট আয়োজনের লক্ষ্য ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম)।
মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবির সঙ্গে মেঘনা ব্যাংকের চুক্তির কথা জানানো হয়। প্রতিষ্ঠানটি টাইটেল স্পন্সর ছাড়াও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস পাচ্ছে। এর আগে দুই কোটি টাকায় জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) স্পন্সর হয়েছে মধুমতি ব্যাংক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা ও মেঘনা ব্যাংকের প্রতিনিধিরা। জানানো হয় তৃতীয় বিভাগ লিগ অক্টোবরে, দ্বিতীয় বিভাগ লিগ নভেম্বরে ও প্রথম বিভাগ লিগ জানুয়ারিতে শুরু হবে। এরপর হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।








