‘কৃষ ৪’-এর ভিলেন এবার নওয়াজউদ্দিন সিদ্দিকী

চ্যানেল আই অনলাইন- কৃষ ৪ নওয়াজউদ্দিন সিদ্দিকী
সমালোচকের দৃষ্টিতে খুব একটা ভালো মন্তব্য না পেলেও বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল ঋত্বিক রোশন অভিনীত ‘কৃষ ৩’। বিবেক ওবেরয়ের পর এবার নতুন সিকুয়ালের জন্য খলনায়ক খুঁজে পেয়েছেন পরিচালক রাকেশ রোশন। ‘কৃষ ৪’ এ খলনায়কের চরিত্রে দেখা যাবে বলিউডের খ্যাতিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে।
সুপারহিরো হিসেবে ‘কৃষ’ চরিত্রের জনপ্রিয়তা রাকেশ রোশনকে আবারও নতুন সিকুয়াল তৈরিতে উদ্বুদ্ধ করেছে। পর্দায় ছেলে ঋত্বিক রোশনের প্রতিদ্বন্দ্বী হিসেবে যুতসই কারো সন্ধানে অনেকদিন ধরেই ছিলেন রাকেশ রোশন। শেষ পর্যন্ত এই মুহূর্তে বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা নওয়জউদ্দিনকেই খলনায়ক হিসেবে মনে ধরেছে তাঁর। খলনায়ক হিসেবে এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকটি চলচ্চিত্রে দেখা গেছে নওয়াজউদ্দিনকে।
শোনা যাচ্ছে, নওয়াজউদ্দিনের সঙ্গে এর মধ্যেই কথা হয়ে গেছে কৃষ ৪ এর পরিচালকের। এখন শুধু নওয়াজের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। গুজব যদি সত্যি হয়ে থাকে, তবে পর্দায় ঋত্বিক ও নওয়াজউদ্দিনের বেশ শক্তিশালী এক যুদ্ধ দেখতে পাবে দর্শক। (ডেকান ক্রনিকল)






