রাজনীতি

কুমিল্লায় দলকে ঐক্যবদ্ধ করতে পারিনি: ওবায়দুল কাদের

কুমিল্লায় দলকে ঐক্যবদ্ধ করতে পারিনি: ওবায়দুল কাদের

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলকে ঐক্যবদ্ধ করতে পারিনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, অন্তঃকোন্দোলের কারণে এ পরাজয়। কুমিল্লায় পারিনি, কিন্তু নারায়ণগঞ্জে ঐক্যবদ্ধ রাখা সম্ভব হয়েছিল।

শুক্রবার দুপুরে গাজীপুর বিমানবন্দর বাস র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) প্রকল্পের অধীনে গাজীপুর বাস স্ট্যান্ডে ফ্লাইওভারের নির্মাণ কাজের উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কুমিল্লা যখন পৌরসভা ছিল, তখনো আমরা জিততে পারিনি। সিটি করপোরেশন হওয়ার পরও বিএনপি জিতেছে। তবে ভোটের ব্যবধান অনেক কমেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা। জয় পরাজয়ের বিষয় জনগণের। নারায়ণগঞ্জের মতো কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন প্রমাণ করেছে, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।’

এর আগে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে ১১ হাজার ৩৮৫ ভোটে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু।

বিষয়:আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…