বেশ ফুর্তির মেজাজে ৭০তম কান আসরে উপস্থিত হলেন উইল স্মিথ। এবার কান উৎসবে তিনি বসেছেন বিচারক প্যানেলে। পেদ্রো আলমোদোভার আর পাওলো সরেন্তিনোর মতো অভিজ্ঞ বিচারকদের পাশে বসার সম্মান অর্জন করেছেন তিনি। সঙ্গে ছিলেন হলিউড অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইনও।
আসরে বসার আগেই নিজের পরিচয় বেশ কয়েকবার দিয়েছেন তিনি। চিৎকার করে জানিয়ে দিলেন, ‘হ্যাই, আই অ্যাম উইল স্মিথ। এরপর টেবিলের ওপরে রাখা নিজের নাম খুঁজে পেয়েই খুশি হয়ে তিনি বললেন, ‘ওই তো উইল স্মিথ! ওখানে বসবো আমি।’ বসার পরে সাংবাদিক এবং ফটোগ্রাফারদের ভিড় জমে যায় সেখানে। চলতে থাকে সেলফি, ছবি এবং ভিডিও করার হিড়িক। সামনে থেকে নড়ার নাম নিচ্ছিল না কেউ। তাই রসিকতার করে চেঁচিয়ে তিনি বললেন, ‘সিকিউরিটি! সিকিউরিটি!’
সহ-বিচারকদের সঙ্গে দারুণ প্রাণবন্ত দেখাচ্ছিল উইলকে। এরপর উইল স্মিথ বললেন, ‘আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। জেসিকা এবং বাকিদের সঙ্গে এই আসরে বসতে পেরে ভালো লাগছে।’
আসরে আসন নেয়ার কিছুক্ষণ পরেই জেসিকা চেস্টেইনের সঙ্গে কী যেন আলাপ শুরু করলেন। গল্পের মাঝে মজা করে উইল স্মিথের কান মলে দেন জেসিকা চ্যাস্টেইন। সংবাদ সম্মেলনের আগের এই ঘটনায় উপস্থিত সবাই হেসে ফেলেন এবং সাংবাদিকরাও ক্যামেরা বন্দি করে ফেলেন দৃশ্যটি। ফেস্টিভ্যালে আগতরা পুরো সময়টাতেই ‘উইল! উইল!’ শব্দে মেতে ছিলেন। এনওয়াই ডেইলি নিউজ।









