‘জওয়ান’ নির্মাতা অ্যাটলির বহুল প্রতীক্ষিত সায়েন্স ফিকশন ছবি ‘রাকা’ নিয়ে শুরু থেকেই কৌতূহলের শেষ নেই। এবার সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে এক বড় খবর!
গুঞ্জন শোনা যাচ্ছে, হলিউড তারকা উইল স্মিথ ছবিটিতে যুক্ত হতে পারেন।
ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে-র এক প্রতিবেদনের দাবি, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য উইল স্মিথের সঙ্গে আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে বিদেশের কোনো একটি লোকেশনে ছবিটির পরবর্তী শিডিউলে শুটিং করবেন তিনি।
প্রতিবেদনটিতে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, উইল স্মিথের শিডিউল মেলানোর চেষ্টা চলছে। তার শুটিংয়ের জন্য বিদেশের লোকেশনও তার সময়সূচি অনুযায়ী চূড়ান্ত করা হবে। এমনকি তার চরিত্রের পোশাকও নাকি ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। ফলে ছবির পরবর্তী শুটিং পর্ব নিয়ে নির্মাতা ও কলাকুশলীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
উইল স্মিথ সত্যিই ‘রাকা’য় যুক্ত হলে এটি হবে ভারতীয় সিনেমায় তার বড় ধরনের অভিষেক। একই সঙ্গে আল্লু অর্জুনের বিপরীতে হলিউডের অন্যতম জনপ্রিয় এই তারকাকে দেখা দক্ষিণী সিনেমার আন্তর্জাতিক পরিসরেও নতুন মাত্রা যোগ করতে পারে।
‘রাকা’য় থাকছেন শাহরুখও?
উইল স্মিথের পাশাপাশি ছবিতে বলিউড বাদশাহ শাহরুখ খানের উপস্থিতি নিয়েও নতুন করে জল্পনা তৈরি হয়েছে। এর আগে ‘রাকা’য় শাহরুখের ক্যামিও থাকার খবর ছড়িয়ে পড়লেও পরে সেটিকে গুঞ্জন বলে উড়িয়ে দেওয়া হয়েছিল। তবে মিড-ডে-র নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে, শাহরুখ খান সত্যিই ছবিটির অংশ এবং শিগগিরই নিজের দৃশ্যের শুটিং শুরু করতে পারেন।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ‘কিং’ ছবির শেষ গানের শুটিং নিয়ে ব্যস্ত শাহরুখ। সেপ্টেম্বরের পর তিনি ‘রাকা’র জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন। এমনকি ছবির আন্তর্জাতিক শিডিউলেও তাকে দেখা যেতে পারে বলে দাবি করা হয়েছে।
চার চরিত্রে আল্লু অর্জুন?
‘রাকা’ নিয়ে আরও বেশ কিছু চমকপ্রদ তথ্য ঘুরে বেড়াচ্ছে। গুঞ্জন রয়েছে, ছবিতে আল্লু অর্জুনকে চারটি ভিন্ন চরিত্রে দেখা যাবে। একজন দাদু, একজন বাবা এবং দুই ছেলের চরিত্রে।
এমনকি ছবির গল্পে দুটি সমান্তরাল মহাবিশ্বের ধারণা থাকতে পারে বলেও জল্পনা রয়েছে। তবে এসব তথ্য এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
গত এপ্রিলে ‘রাকা’য় আল্লু অর্জুনের প্রথম লুক প্রকাশ করা হয়। সেখানে তাকে একেবারেই ভিন্ন অবতারে দেখা যায়। বয়স বাড়িয়ে দেখাতে প্রস্থেটিক মেকআপ, চোখে কাজল এবং পোশাকের ভেতর থেকে বেরিয়ে থাকা বিশাল নখর-সব মিলিয়ে তার লুকটি ছিল বেশ ভয়ংকর ও রহস্যময়।
পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছিল, ‘সীমার বাইরের কিছু দেখতে নিজেকে প্রস্তুত করুন।’
অ্যাটলি পরিচালিত ছবিটিতে আল্লু অর্জুনের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও ম্রুণাল ঠাকুর। ছবিটি প্রযোজনা করছে সান পিকচার্স।
‘রাকা’ দিয়েই প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন আল্লু অর্জুন ও অ্যাটলি। আর উইল স্মিথ সত্যিই ছবিটিতে যোগ দিলে আন্তর্জাতিক তারকা সংযোজনের দিক থেকে ছবিটি যে আরও বড় পরিসর পাবে, তা বলাই যায়। তবে উইল স্মিথের অভিনয়ের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি নির্মাতারা। এনডিটিভি










