কাতালোনিয়ার গণভোটে নেতৃত্ব দেয়া দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে কারাদণ্ড দিয়েছে স্পেনের আদালত। জর্দি সানচেজ এবং জর্দি কুইজার্টকে কারাদণ্ড দেয়ার পর মঙ্গলবার সারারাত বিক্ষোভ চালায় তাদের সমর্থকরা।
গত ২০ সেপ্টেম্বরের একটি বিক্ষোভের কারণে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছিলো। সেদিন স্পেনের সিভিল গার্ড অফিসারদের বার্সেলোনায় একটি ভবনের ভেতরে বন্দি করে দেওয়া হয়।
স্বাধীনতার স্বপক্ষের সংস্থা কাতালান ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান স্যানচেজ এবং অমনিয়াম কালাচারাল নেতা কুইজার্ট সোমবার মাদ্রিদের আদালতে হাজির হন। এসময় আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাদণ্ড দেয়।
গণভোটের পর কাতালান নেতা কার্লেস পুজদেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে সেটা আবার কিছু সময়ের জন্য স্থগিত করেন আলোচনা অব্যাহত রাখার জন্য। আগামী দুই মাসের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি।
এই দুজনের কারাদণ্ডের ব্যাপারে টুইটারে পুজদেমন লিখেন: স্পেনের আদালত কাতালোনিয়ার সিভিল সোসাইটি নেতাকে শান্তিপূর্ণ মিছিল করার জন্য কারাদণ্ড দিয়েছেন। দু:খজনকভাবে আমরা আবার রাজনৈতিক কারাবন্দী পেলাম।








