রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার শান্তি নিকেতনের একটি ফ্ল্যাটে কলিং বেল বাজিয়ে তোবারক হোসেন (৭০) এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, মতাদর্শগত বিরোধ বা টাকা লুটের জন্য এই হত্যাকাণ্ড ঘটেছে।
বুধবার ভোরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তির কর্মচারীসহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নিহত তোবারকের মহাখালীতে একটি মার্কেট আছে। তোবারকের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জের চর পাড়ে। তিনি শান্তিনিকেতনের একটি ভবনের চারতলায় নিজ ফ্ল্যাটে একা থাকতেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ জানায়, আজ ভোরে তোবারকের ফ্ল্যাটে কলিংবেল বাজে। তাঁর এক কর্মী দরজা খুলে দিলে দুই মুখোশধারী ব্যক্তি ফ্ল্যাটে ঢুকে পড়েন। তাঁরা তোবারককে কুপিয়ে জখম করেন। পরে তাঁর কর্মী থানায় ফোন করে বিষয়টি জানান।
খবর পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারা তোবারককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক(তদন্ত) কাজী শফিউল ইসলাম বলেন, তোবারকের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ফ্ল্যাটের আলমারি ভাঙা পাওয়া গেছে। তোবারক হোসেনের সঙ্গে হাসান ও সাইফুল নামে দুই ব্যক্তি থাকতেন। ঘটনার পর থেকে সাইফুলকে পাওয়া গেলেও হাসানকে পাওয়া যায়নি। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, তোবারক চট্টগ্রামের শফি মাইজভান্ডারির অনুসারী ছিলেন। তোবারকের বাসায় মাইজভান্ডারির ভক্তরা আসতেন। পুলিশের ধারণা মতাদর্শগত বিরোধ বা টাকা লুটের জন্য এই হত্যাকাণ্ড ঘটেছে।








