‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানের একটি পর্বে ফুটবল খেলায় অংশ নেয়া কলসিন্দুরের অনুর্ধ্ব-১৪ দলের মেয়েরা খেলা শেষে অনুষ্ঠানটির পরিকল্পক, পরিচালক ও উপস্থাপক শাইখ সিরাজের কাছে ফুটবল খেলার প্র্যাকটিসে আসা ও যাওয়ার জন্য সাইকেল আবদার করে। সেই আবদার পূরণে শাইখ সিরাজ ওই মেয়েদের হাতে তুলে দিয়েছেন সাইকেল।
দেশীয় ব্র্যান্ড ‘দুরন্ত’ বাইসাইকেল উপহার দেয়া হয় মেয়েদের, যা স্পন্সর করে ওই সাইকেল নির্মাণকারী প্রতিষ্ঠানটি। শুক্রবার সকাল ১০টায় ফুটবল খেলার পুরস্কার হিসেবে স্থানীয় সিংগারদিঘী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ পুরস্কার তুলে দেন।
কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালা রাণী সরকার বলেন, গত কয়েকদিন আগে চ্যানেল আইয়ের একটি বিনোদনধর্মী অনুষ্ঠানের ফুটবল প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা অংশ নিয়ে বিজয়ী হয়।শাইখ সিরাজের কাছে বিজয়ীদের আবেদনের প্রেক্ষিতে শাইখ সিরাজ বাইসাইকেল হস্তান্তরের জন্য শ্রীপুরের সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়কে বেছে নিয়ে আনুষ্ঠানিকভাবে নারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো অপ্রতিরোধ্য বাংলাদেশের মেয়েরা।তাদের মধ্যে দলেও ছিলো কলসিন্দুর আট কন্যা।
গতবার বাংলাদেশ যে চ্যাম্পিয়ন হয়েছিলো তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গ্রাম কলসিন্দুর মেয়েরা। ১৮ সদস্যের ওই দলে কলসিন্দুরই ছিলেন ১০ জন।
ছবি- তানভীর আশিক









