খালেদা জিয়ার বিরূদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের দিনে আওয়ামী লীগের কোন কর্মসূচি না থাকলে নগরী বিভিন্ন পয়েন্টে দলটির নেতা কর্মীদের খণ্ড মিছিল, অবস্থান কর্মসূচি এবং মটর টহল দিতে দেখা যাচ্ছে। দলটির দায়িত্বশীল নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে জননিরাপত্তার কথা বিবেচনা করেই মাঠে নেমে মাঠে থাকছে আওয়ামী লীগ।
সকাল থেকে রাজধানীর কদম ফোয়ারা এলাকায় যুবলীগ নেতা-কর্মীদের দেড় থেকে দুইশ মোটর সাইকেলের একটি বহর মৎস্য ভবন থেকে গুলিস্তানের দিকে যেতে দেখা যায়। পরে তারা বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় দলীয় কার্যালয়ে সামনে অবস্থান নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।

এছাড়া গুলিস্তান থেকে ছাত্রলীগ নেতা-কর্মীদের একটি মোটর সাইকেলের শোভাযাত্রা যেতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। পরে তারা টিএসসি-শাহবাগ অঞ্চলে মিছিল করে।

এদিকে সকাল থেকেই রাজধানীতে যান চলাচল ও জনসাধারণের চলাচল সীমিত রয়েছে। নগরীর পয়েন্টে পয়েন্টে রয়েছে পুলিশের কড়া পাহারা, তল্লাশি। নয়াপল্টনে বিএনপির কার্যালয় ঘিরেও আছে নিরাপত্তা।
তবে, বিএনপির নেতা-কর্মীরা কোথাও জড়ো হওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।









