করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে কানাডা
এফবিসিসিআই সভাপতি শেখ ফাহিমের সাথে বৈঠকে কানাডার মন্ত্রী

অফিসে দুই ব্যক্তি হাসিমুখে দাঁড়িয়ে, একজন বিদেশি ও একজন বাংলাদেশি, পেশাদার পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ
কানাডার জননিরাপত্তা ও জরুরি প্রস্তুতি মন্ত্রী বিল ব্লেয়ার বলেছেন: করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশের যেকোন প্রয়োজনে পাশে থাকবে কানাডা।
গত বুধবার কানাডার টরোন্টোতে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সাথে এক বৈঠকে ব্লেয়ার এসব কথা বলেন।
বৈঠকে শেখ ফাহিম বলেন: বাংলাদেশ করোনা ভাইরাস পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে সহস্রাধিক মানুষ মারা গেছেন। সংক্রমিত হয়েছেন হাজার হাজার মানুষ। এমন জরুরি অবস্থায় প্রয়োজন হলে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে কানাডা ও বাংলাদেশ।
এছাড়াও বুধবারের এ বৈঠকে দক্ষ মানবশক্তি তৈরিতে এফবিসিসিআই ইনস্টিটিউট ফর টেকনিক্যাল ভোকেশন এডুকেশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা, দেশের শিল্পখাতে দক্ষ জনশক্তি তৈরি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদযাপন সহ দু’দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন খাত নিয়ে আলোচনা হয়।
সেসময় শেখ ফাহিম বলেন: এফবিসিসিআই কানাডার বিভিন্ন বাণিজ্যিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করে যাবে।
তিনি আরও বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতে কাজ করে যাচ্ছে।
সেক্ষেত্রে তিনি বাংলাদেশের সহযাত্রী হতে কানাডার প্রতি আহ্বান জানান।






