চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। শুধু চীনেই এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬ হাজারেরও বেশি মানুষ।
২০০২ ও ২০০৩ সালে সমগোত্রীয় রোগ সার্সের মহামারীতেও এরচেয়ে কম মৃত্যু হয়েছিল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় বুধবার পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৯৭৪ জনের নিশ্চিত আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা একদিনে বেড়েছে ২৬ জন।
সাউথ চায়না পোস্ট জানিয়েছে, নতুন এই ২৬ জনের একজন ছাড়া বাকি সবাই হুবেই প্রদেশের। ওই একজনও হুবেইয়ের ঠিক উত্তরের প্রদেশের অধিবাসী। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে বিবেচিত উহান হুবেই প্রদেশের রাজধানী।
উহানসহ চীনের ২০টি শহরের সাড়ে ৫ কোটির বেশি জনগোষ্ঠীর নিজ নিজ শহর থেকে অন্যত্র ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
চীনের ব্যস্ততম ভ্রমণ ও পর্যটন মৌসুম চান্দ্র নববর্ষ বা বসন্ত উৎসবে যেন করোনা ভাইরাস আরও দ্রুত ছড়িয়ে না পড়ে সেজন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
সংক্রমণ ঠেকাতে চীনের মূল ভূখণ্ডের সাথে সীমান্ত বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে হংকং। করোনা ভাইরাসকে ‘শয়তান’ আখ্যা দিয়ে এ ভাইরাস মোকাবিলায় বিজয়ী হওয়ার অঙ্গীকার করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
প্রাণঘাতী ভাইরাস নিয়ন্ত্রণে চীনের সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেন সংস্থাটির মহাপরিচালক আধানম গেব্রেইয়েসাস। তারপরই তিনি এ মন্তব্য করেন।
তবে তিনি এটাও বলেন, ভাইরাসটি থেকে বৈশ্বিক আক্রান্তের ঝুঁকি অনেক বেশি।








