আন্তর্জাতিক

করোনা ভাইরাস আতঙ্কে ‘ভেনিস কার্নিভাল’ বন্ধ

করোনা ভাইরাস আতঙ্কে ‘ভেনিস কার্নিভাল’ বন্ধ

ইটালিতেও আশঙ্কাজনকহারে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দেড়শ’ ছাড়িয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে ভেনিস কার্নিভাল।

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত সেখানকার প্রবাসী বাংলাদেশিরাও। চীনে আক্রান্তের সংখ্যা ৭৭ হাজারে দাঁড়িয়েছে। মারা গেছে ২ হাজার ৪৪২ জন।

এরই মধ্যে ভাইরাসের প্রকোপ ঠেকাতে ইটালিতে ১২টি শহরের ৫০ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সাউথ কোরিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভাইরাস ছড়িয়ে পড়ায় ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করেছে চারটি দেশ।

চীন ছাড়াও প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে ২৮টি দেশে। এ ভাইরাসে শুধু চীনেই প্রাণ হারিয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। রোববার দেশটিতে আরো ৯৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৬০০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৭৭ হাজারে পৌঁছেছে।

সাউথ কোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়ে যাওয়ায় দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন প্রেসিডেন্ট মুন জায়ে ইন। যে কোনো জনসমাগম এড়িয়ে চলতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এ পর্যন্ত সেখানে ৬ জনের মৃত্যু হয়েছে। আগামী কয়েক দিন পরস্থিতি আরো খারাপ হতে পারে বলে ইঙ্গিত করেছে ইন।

চীনের পর সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে ইরানে। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় দেশটির ১৪টি প্রদেশের সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে ইরাক, পাকিস্তান তুরস্ক এবং আর্মেনিয়া। বিমান ও সড়ক যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছে আফগানিস্তান।

করোনা সংক্রমণের কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের বিদেশ ভ্রমণে বিরত থাকার আহ্বান জানিয়েছে আইইডিসিআর। করোনার ভয়বহতা বিবেচনায় নিয়ে চীনের পর সাউথ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের বিশেষ পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে আইইডিসিআর।

বিষয়:করোনা ভাইরাস চীন মৃত্যু সংখ্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…