করোনায় ভারতে মৃত্যুর মিছিল, একদিনে আক্রান্ত প্রায় ৪ লাখ

Healthcare workers in PPE conduct COVID-19 tests at a Bangladeshi health facility, with visitors waiting outside. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতে আরো ভয়াবহ হয়ে উঠেছে করোনাভাইরাস। অতীতের সব রেকর্ড ভেঙে গিয়ে গত একদিনে শনাক্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৬ হাজার এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ৫০১ জন মানুষের।
এর আগের রেকর্ডটি ছিলো দুদিন আগের। ২৭ এপ্রিল প্রথমবারের মতো একদিনে মৃত্যু হয় ৩ হাজার ২৮৫ জনের এবং শনাক্ত হয় ৩ লাখ ৬৯ হাজার ৯০২ জন রোগী।
দুদিন পরই ফের নতুন রেকর্ড দেখলো ভারতবাসী।
এ নিয়ে ভারতে মোট করোনা শনাক্ত দাঁড়াল ১ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৯৮৪ জন। মোট মৃত্যু দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৩১৩ জন।
২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৯১ হাজার ৩৩৭ জন এবং মৃত্যু হয়েছে ১৫ হাজার ১২৪ জন।
এদিকে সারাবিশ্বে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ কোটি অতিক্রম করেছে।
শুক্রবার সকাল পর্যন্ত সংখ্যাটি হলো ১৫ কোটি ১১ লাখ ১৭ হাজার ৬৭৯ জন। মোট মৃত্যু হয়েছে ৩১ লাখ ৭৯ হাজার ১৮৭ জন।






