করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা ছাড়াও ক্লাবের আরও তিনজনের দেহে মহামারী ভাইরাস সংক্রমিত হয়েছে বলে নিশ্চিত করেছে পিএসজি।
রোববার টুইট বার্তায় ফরাসি ক্লাবটি জানায়, শীতকালীন ছুটি শেষে ফিরলে খেলোয়াড়দের করানো পরীক্ষা করানো হয়। সেখানে পাঁচজন পজিটিভ এসেছেন। আক্রান্তের চারজন ক্লাবটির খেলোয়াড়, অন্যজন স্টাফ।
আক্রান্ত পাঁচজন বর্তমানে কোভিড প্রোটোকলের অধীনে রয়েছেন, জানিয়েছে পিএসজি। সোমবার রাতে ফ্রেঞ্চ কাপের ম্যাচের আগে বড় দুঃসংবাদ শুনলেন কোচ মাউরিসিও পচেত্তিনো।
টুইটারে প্রথমে আক্রান্ত খেলোয়াড়ের নাম উল্লেখ করেনি ফরাসি ক্লাবটি। পরে লা প্যারিসিয়ানদের বরাতে গোলডটকম খবর দেয়, মেসি ছাড়াও আক্রান্ত হয়েছেন হুয়ান বের্নাট, গোলরক্ষক সার্জিও রিকো এবং ১৯ বছর বয়সী মিডফিল্ডার নাথান বিটুমাজালা।
করোনায় এলোমেলো হয়ে পড়েছে ইউরোপের ফুটবলাঙ্গন। বড়দিনের ছুটির পর প্রায় সব ক্লাবেই কেউ না কেউ আক্রান্ত হয়েছেন ভাইরাসটিতে। লা লিগার ১৯ দলে এপর্যন্ত খেলোয়াড়-কোচিং স্টাফ মিলিয়ে শতাধিক আক্রান্ত শনাক্ত।
বার্সার কোচ জাভিসহ মূল স্কোয়াডেরই ৯ জন সংক্রমিত। অ্যাটলেটিকো কোচ সিমিওনের সঙ্গে দলের আধাডজন আক্রান্ত। রিয়ালও স্কোয়াড সাজাতে হিমশিম খাচ্ছে।
গত কয়েকদিনে ইউরোপের শীর্ষ লিগগুলোতে বেশকিছু ম্যাচ পণ্ড হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে আক্রান্ত অর্ধশত, সেখানে একের পর এক ম্যাচ বাতিল হচ্ছে। বুন্দেসলিগায় বায়ার্নের পাঁচজন আক্রান্ত শনাক্ত হয়েছেন রোববারই। জুভেন্টাস-মিলানের স্কোয়াডেও ছোবল বসিয়েছে করোনা।









