২০১৬ সালের ৩০ এপ্রিল একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি বিপাশা বসু ও করণ সিংহ গ্রোভার। নিজেদের বিয়ের সম্পর্কের আগে বিপাশা-করণের দুইজনই একাধিক সম্পর্কে লিপ্ত ছিলেন। কিন্তু তারপরেও করণ সঙ্গে বিপাশার বিয়ের ব্যাপারে মত ছিল না বিপাশার বাবা-মা।
সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাতকারে সে প্রসঙ্গে মুখ খুলেছেন বিপাশা।
মূলত ২০০৮ সালে সহ-অভিনেত্রী শ্রদ্ধাকে বিয়ে করেছিলেন করণ। মাত্র ১০ মাস টিকেছিল সেই বিয়ে। এরপর ২০১২ সালে টেলিভিশনের হার্টথ্রব অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন করণ। কিন্তু তিন বছরের মাথায় সেই সম্পর্কেরও বিচ্ছেদ হয়। আর সেকারণে করণের সঙ্গে বিপাশার বিয়ে দিতে নারাজ ছিলেন বিপাশার বাবা-মা।
বিপাশা বলেন, ‘বিয়ে ভাঙার অর্থ এই নয় যে মানুষটা খারাপ। তাই সেটার সমালোচনা করা অনুচিত। করণের সঙ্গে বিয়ের ব্যাপারে আমার বাবা-মায়ের মত ছিল না। সেসময় আমি আমার বাবা-মা’কে বুঝিয়েছিলাম, আমার যে সম্পর্কগুলো ছিল সেগুলো করণের বিয়ের সম্পর্কের চেয়েও বেশি লম্বা সময়ের। তবুও সেগুলো টেকেনি। আমি হয়ত কোন কাগজে সই করিনি যার ফলে সেটি নিয়ে প্রশ্ন ওঠেনি। তাহলে করণ আর আমি আলাদা কোথায়? যদি সম্পর্ক না টেকে সেটা দুর্ভাগ্যজনক। কিন্তু কথায় বলে না জীবনে যা কিছু ঘটে সেটা ভালোর জন্যই ঘটে’।
এর আগে দিনো মারিয়ো ও জন আব্রাহামের সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল বিপাশার। তবে সেগুলোর কোনটাই বিয়ে পর্যন্ত গড়ায়নি।
২০১৫ সালে ‘অ্যালোন’ ছবির সেটে পরিচয় হয়েছিল করণ-বিপাশার। প্রথম দেখাতেই করণের প্রেমে পড়েছিলেন বিপাশা। পরের বছরের এপ্রিলেই বাঙালি হিন্দু রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েন দুজনে।







