এডিন হ্যাজার্ডের জোড়া গোলে বড় জয় পেয়েছে চেলসি। ঘরের মাঠে তারা ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে। ফলে টানা দুই হারের পর এই জয় ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চারে তুলে দিয়েছে ব্লুজদের।
আগের দুই ম্যাচে বোর্নমাউথ ও ওয়াটফোর্ডের কাছে হেরেছিল চেলসি। সোমবার হারের হ্যাট্রটিক রোধ করে উল্টো প্রতিপক্ষকে তিন গোলে হারায় আন্তোনিও কন্তের দল। এই জয়ে কিছুটা শান্তি পাবেন ঘরে-বাইরে প্রবল চাপে থাকা ইতালিয়ান কোচ।
ম্যাচের ২৫ মিনিটে নতুন সতীর্থ অলিভিয়ের জিরুর কাছ থেকে পাওয়া বল জালে জড়িয়ে চেলসিকে এগিয়ে দেন হ্যাজার্ড।
৬৩ মিনিটে সেস ফাব্রিগাসের ফ্লিক প্রতিপক্ষের একে খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টালে পেয়ে যান ভিক্টর মোজেজ। ডি-বক্সের ভেতর থেকে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দেন নাইজেরিয়ার এই উইঙ্গার।
আট মিনিট পর দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করেন হ্যাজার্ড। এক ডিফেন্ডারকে ধোঁকা দিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোলরক্ষককে নড়ার সুযোগ না দিয়ে কাছের জাল দিয়ে বল জালে পাঠান বেলজিয়ামের এই ফরোয়ার্ড।
২৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল। ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। ৭২ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে ম্যানচেস্টার সিটির।











