ইনিংস ব্যবধানে হারের শঙ্কা কাটিয়ে সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান যেভাবে ব্যাট করছিলেন তাতে মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজকে উল্টো চ্যালেঞ্জে ফেলতে যাচ্ছে বাংলাদেশ। জুটিটা আরও দীর্ঘ হয়নি। বাংলাদেশও পারেনি বড় লক্ষ্য ছুঁড়ে দিতে।
অ্যান্টিগা টেস্টে ক্যারিবীয়দের ৮৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সাকিবের দল করে ২৪৫ রান। ১০৯ রানে ৬ উইকেট হারানোর পর সাকিব-সোহানের ১২৩ রানের জুটি পথ দেখায় বাংলাদেশকে।
দুজনই ফিফটি পেরিয়ে আউট হন। সাকিব ৬৩ ও সোহান করেন ৬৪ রান। পর পর তারা বিদায় নিলে আড়াইশর আগেই গুটিয়ে যায় বাংলাদেশ।
উইন্ডিজ পেসার কেমার রোচ ৫৩ রানে নেন ৫ উইকেট। আলঝারি জোসেফ তিনটি ও কাইল মেয়ার্স নেন দুটি উইকেট।
বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১০৩ রানে। সাকিব করেন ৫১ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২৬৫ রানে থামে। ১৬২ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করে বাংলাদেশ।







