যেন অবহেলিত রাস্তা। সংস্কারের অভাবে জরাজীর্ণ। জায়গায় জায়গায় ফাটল! অবিশ্বাস্য হলেও মিরপুরের উইকেট নিয়ে এই কথাগুলো সত্য। তৃতীয়দিন নাগাদ উইকেট ফেটে চৌচির।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে এখন পর্যন্ত লঙ্কানদের লিড ৩২৩ রানের। সকালে মিরাজের প্রথম ওভারেই বিশাল একটি টার্ন দেখা গেছে। সেটা বোলারের কৃতিত্ব নয়। ওই ‘গর্তে’র।
এই মাঠে ২০৯ রানের বেশি তাড়া করে জেতার নজির নেই। সব মিলিয়ে বাংলাদেশও কোনোদিন টেস্টে এত রান তাড়া করে জিততে পারেনি। এর আগে একবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২১৭ রান তাড়া করে জিতেছিল মুশফিকরা।
শ্রীলঙ্কা আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২২২ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ প্রথম ইনিংসে করতে পারে ১১০।
বাংলাদেশের বিপদ বেড়ে যায় দ্বিতীয়দিনের খেলায়। মাত্র তিন রান যোগ করতে শেষ ৫ উইকেট পড়েছিল স্বাগতিকদের। আগেরদিনও অবস্থা প্রায় একই রকম ছিল। প্রথম ৪ চার উইকেট পড়ে ৪৩ রানে।

এই ইনিংসে বাংলাদেশের একজন মাত্র ব্যাটসম্যান ৩০’র ঘর স্পর্শ করেন। তিনি মেহেদী হাসান মিরাজ, ৩৮*। দ্বিতীয় সর্বোচ্চ লিটন দাসের ২৫। এরপর একে একে ফিরে যান রিয়াদ (১৭), সাব্বির (০), রাজ্জাক (১), তাইজুল (১) এবং মোস্তাফিজ (০)।








