এস্পানিওলের মাঠে শুরুতে পিছিয়ে পড়ে শেষদিকের গোলে পয়েন্ট বাঁচিয়ে ফিরেছে বার্সেলোনা। রোববার রাতে জেরার্ড পিকের গোলে নগর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছে আর্নেস্টো ভালভার্দের শিষ্যরা।
অতিসম্প্রতি এস্পানিওলের মাঠে হারার স্মৃতি টাটকাই ছিল বার্সার। কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে হেরে আসার শোধ অবশ্য ঘরের মাঠে ফিরতি লেগে ২-০ ব্যবধানে নিয়েছিল কাতালানরা।
ম্যাচের ২৩ মিনিটে ফিলিপে কৌতিনহোর শট ক্রসবার দুর্ভাগ্যে না পড়লে এস্পানিওল পিছিয়ে পড়তে পারত তখনই। ম্যাচে বৃষ্টির প্রকোপ ছিল, শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসিও। দুইয়ে মিলে খেলায় ছন্দ হারায় অতিথিরা।
অবস্থা বেগতিক দেখে মধ্যবিরতির পর ৬০ মিনিটে মেসিকে মাঠে পাঠান ভালভার্দে। বার্সয় খেলায় গতিও আসে। কিন্তু খেলার বিপরীতে উল্টো পিছিয়ে পড়ে বার্সেলোনাই। ম্যাচের ৬৬ মিনিটে সার্জিও গার্সিয়ার ক্রসে মাথা ছুঁয়ে জাল খুঁজে নেন ফরোয়ার্ড জেরার্ড মোরেনো।
পরের সময়টুকুতে বারবার হারের শঙ্কাই টেনে আনছিল বার্সা। বৃষ্টি ভারী হতে থাকলে খেলায় গতি কমে আসে তাদের। তখন ৮৩ মিনিটে ত্রায়া হয়ে ওঠেন পিকে। গোলটির কারিগর অবশ্য মেসি। আর্জেন্টাইন অধিনায়কের দুর্দান্ত ফ্রি-কিকে মাথা ছুঁয়ে এক পয়েন্ট নিশ্চিত করেন পিকে।

এই ড্রয়ে ২২ ম্যাচে ৫৮ পয়েন্ট হল বার্সেলোনার। ২১ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো দুইয়ে। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তিনে ভ্যালেন্সিয়া ও চারে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২১ ম্যাচে ৩৯।








