চট্টগ্রামে এসপি বাবুল অাক্তারের স্ত্রী হত্যার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের সঙ্গে জেএমবি জড়িত থাকতে পারে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। টার্গেট কিলিংয়ের পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে আবারো অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ওই হত্যাকাণ্ডের পর আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশের মনোবল ভেঙে দিতে বাবুল আক্তারের স্ত্রীকে হত্যা করা হয়েছে। আমরা পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টি দেখব।
বাবুল আক্তারের স্ত্রী হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আটক করা যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি খ্রিষ্টান দুই ধর্মযাজককে হত্যাচেষ্টা, বিদেশি নাগরিকসহ যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এর সঙ্গে বাবুল আক্তারের স্ত্রীকে হত্যার মিল রয়েছে। কোনো ধর্মে হত্যার বিধান নেই। যারা এসব করছে, তারা কী চায়-এমন প্রশ্নও রাখেন মন্ত্রী।
হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনের বিবরণসহ অজ্ঞাত আরো আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর মেরাদিয়া কবরস্থানে মাহমুদা খানম মিতুর মরদেহ দাফন করা হয়েছে।








