রাজনীতি

এবার মধ্যরাতে নির্বাচনী মাঠ ছাড়বে না বিএনপি: সাখাওয়াত

এবার মধ্যরাতে নির্বাচনী মাঠ ছাড়বে না বিএনপি: সাখাওয়াত

এবার মধ্যরাতে বিএনপি কাউকে নির্বাচনী মাঠ ছেড়ে দেবে না বলে ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত।  বৃহস্পতিবার রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে  মনোনয়নপত্র জমা দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এসময় সাংবাদিকদের সাখাওয়াত হোসেন বলেন, আমরা ধানের শীষ নিয়ে মাঠে থাকবো। দেশের হারানো গণতন্ত্র উদ্ধার কার্যক্রম ধানের শীষের মাধ্যমে নারায়ণগঞ্জ থেকেই শুরু হবে।

নির্বাচনী পরিবেশ নেই এমন অভিযোগ করে তিনি আরো বলেন, পাঁচবছর আগে নারায়ণগঞ্জ মেয়র নির্বাচন সুষ্ঠুভাবে করতে নির্বাচন কমিশন সরকারের কাছে সেনাবাহিনী চেয়েও পায়নি। সেজন্য আমরা নির্বাচন থেকে সরে দাড়াই। কিন্তু এবার আমাদের ধানের শীষ ও নৌকার মর্যাদার লড়াই। মৃত্যুর আগ পর্যন্ত আমি নির্বাচনের মাঠে থাকবো। তবে আমাদের যেন হাত-পা বেঁধে ফেলা না হয়। লেভেল প্লেয়িং কন্ডিশন বজায় রাখা দরকার। আমরা একটি  প্রতিযোগিতামূলক নির্বাচন চাই।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটগ্রহণ হবে আগামী ২২ ডিসেম্বর। এটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচন এবং দলীয়ভাবে এখানে এই প্রথমবারের মতো মেয়র পদে প্রার্থী দিচ্ছে রাজনৈতিক দলগুলো।

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৪ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই ও বাছাই করা হবে আগামী ২৬ ও ২৭ নভেম্বর। নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় আগামী ৪ ডিসেম্বর।

বিষয়:নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সাখাওয়াত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…