টানা পঞ্চমবারের মতো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পৃষ্ঠপোষক হয়েছে ওয়ালটন গ্রুপ। সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ওয়ালটন গ্রুপের আরেকটি ব্র্যান্ড মার্সেল। এবারের লিগের নামকরণ করা হয়েছে ‘ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১৬-১৭, পাওয়ার্ড বাই: মার্সেল।’ প্রিমিয়ার লিগের আগামী আসরেও পৃষ্ঠপোষকতা করবে ওয়ালটন। বিসিবির সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি।
ঘরোয়া ওয়ানডে পরিসরের সবচেয়ে জনপ্রিয় আসর ঢাকা লিগের খেলা শুরু হবে বুধবার। আগামীকাল তিনটি ভেন্যুতে গড়াবে প্রথম রাউন্ডের তিন ম্যাচ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। বিকেএসপির ৩ নম্বর মাঠে লড়বে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। আর ৪ নম্বর মাঠে মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন।
লিগ শুরুর একদিন আগে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করে বিসিবি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল আলম চৌধুরী স্বপন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিলটন আহমেদ।
সংবাদ সম্মেলনে উদয় হাকিম জানান, আগামী মে মাসে আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপ। ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ডের সঙ্গে অংশ নেবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
সিরিজটির গ্রাউন্ড রাইটস পেয়েছে টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম)। তাদের কাছ থেকে এই সিরিজের টাইটেল স্পন্সর স্বত্ব কিনে নিয়েছে ওয়ালটন। সোমবার দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানান তিনি।








