সাবেক সতীর্থের সঙ্গে পুনর্মিলনের ভাগ্য আপাতত হল না গঞ্জালো হিগুয়েনের। রিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসে পাড়ি জমানোর জের টেনে তুরিনে কপাল পুড়েছে সাবেক এ রিয়াল ফরোয়ার্ডের। জুভদের ডেরা ছেড়ে সিরি আর শক্ত প্রতিপক্ষ এসি মিলানে পাড়ি জমিয়েছেন ৩০ বছর বয়সী আর্জেন্টাইন তারকা।
অবশ্য হিগুয়েনকে স্থায়ীভাবে পায়নি মিলান। এক মৌসুমের জন্য তাকে ধারে নিতে হচ্ছে। এই ১২ মাসের জন্য জুভেন্টাসকে ১৬মিলিয়ন পাউন্ড দিতে হবে সাতবারের ইউরোপজয়ী দলটিকে। যদি হিগুয়েনের খেলায় মন ভরে তবে চুক্তি পাকা হবে ৩২ মিলিয়ন পাউন্ডে।
চেলসিকে ঘিরে ফিসফাস থাকলেও মিলানে গিয়ে খুব একটা অখুশি নন হিগুয়েন। সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘মিলানে আসতে পেরে আমি খুবই খুশি। আমি এরইমধ্যে জেনোরো গাত্তুসোর(এসি মিলান কোচ) সঙ্গে কথা বলেছি।’
রোনালদোর আগমনে হিগুয়েনকে যে জুভেন্টাস ছাড়তে হতে পারে তা বোঝা যাচ্ছিল শুরু থেকেই। কারণ দুজনের খেলার পজিশন এক। সঙ্গে সিআর সেভেনের পেছনে বেশ অর্থ খরচ হয়েছে জুভদের। সেই অর্থের কিছুটা হলেও ফেরত আসবে হিগুয়েনকে ধারে পাঠিয়ে।
হিগুয়েন যদিও বলেছিলেন রোনালদোকে স্বাগতই জানাবেন। কথাটা যখন বলেছিলেন, তখন রোনালদোর ইতালিতে পাড়ি দেয়ার গুঞ্জন সবে ডানা মেলতে শুরু করেছে। স্বাগত জানিয়ে এখন মাঠে জুটি বাধাই হল না!
হিগুয়েন গেলেও এসি মিলান থেকে পুরনো ক্লাব জুভেন্টাসে ফিরছেন দলটির পুরনো যোদ্ধা লিওনার্দো বোনুচ্চি। গত মৌসুমে ৩৫ মিলিয়ন পাউন্ডে মিলানে পাড়ি জমিয়েছিলেন এ ইতালিয়ান ডিফেন্ডার।







