অপরাধ

শ্যামলীতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক দম্পতি

লুটে নিল মূল্যবান মালামাল

শ্যামলীতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক দম্পতি
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর শ্যামলীতে ছিনতাইকারীর কবলে পড়েছেন দৈনিক আমাদের সময়ের অপরাধ বিভাগের প্রধান শাহজাহান আকন্দ শুভ ও তার স্ত্রী। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাদের বহনকারী অটোরিকশার পাশে এসে স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় তার স্ত্রীর একটি আঙুলে আঘাত লাগে।

আজ শনিবার সকাল সোয়া ৭টার দিকে শ্যামলী শিশুমেলার বিপরীত পাশে ফুটওভার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ব্যাগে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, ব্যাংকের ডেবিট কার্ড, মেট্রোরেলের কার্ডসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে।

ভুক্তভোগী সাংবাদিক শাহজাহান আকন্দ শুভ জানান, পারিবারিক জরুরি কাজে স্ত্রীকে কুষ্টিয়াগামী বাসে তুলে দিতে তারা আজিমপুর থেকে অটোরিকশায় করে কল্যাণপুর যাচ্ছিলেন। পথে শিশুমেলার বিপরীত পাশের সড়কে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি তাঁদের অটোরিকশার কাছে আসে।

একপর্যায়ে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তার স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি টান দিয়ে ছিনিয়ে নেয়। এরপর দ্রুত শ্যামলীর দিকে পালিয়ে যায় তারা। এ সময় ব্যাগটি টান দেওয়ায় তার স্ত্রীর একটি আঙুলে আঘাত লাগে।

ঘটনার বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সকাল সাতটার দিকে শিশুমেলার বিপরীত পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

বিষয়:ছিনতাইকারী দৈনিক আমাদের সময় মোহাম্মদপুর থানা শাহজাহান আকন্দ শুভ শ্যামলী সাংবাদিক দম্পতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…