বল টেম্পারিং করায় এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। ৯ মাস নিষিদ্ধ হয়েছেন বেনক্রফট। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের এই শাস্তি দিয়েছে। শাস্তি পাওয়া তিন ক্রিকেটারই এই রায়কে চ্যালেঞ্জ করতে পারবেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ওয়েবসাইটে জানিয়েছে, নিষিদ্ধ ক্রিকেটাররা জাতীয় পর্যায়ের কোনো টুর্নামেন্টে খেলতে পারবেন না। তবে প্রিমিয়ার ক্রিকেটে খেলতে পারবেন। এটি অস্ট্রেলিয়ার এক ধরণের সাপ্তাহিক টুর্নামেন্ট।
কেপ টাউন টেস্টের তৃতীয়দিন টিভি ফুটেজে তাদের বল টেম্পারিংয়ের বিষয়টি ধরা পড়ে। দেখা যায়, পকেট থেকে হলুদ এক টুকরো কাপড়ের মতো কিছু বের করে বলে ঘষেছেন বেনক্রফট। পরে সেটি লুকিয়ে রাখেন ট্রাউজারের ভেতর।
দিনের খেলা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্মিথ স্বীকার করেন, দলের ‘লিডারশিপ গ্রুপ’ মিলেই টেম্পারিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। বেনক্রফটও বলেন, এই ঘটনার পেছনে অধিনায়কের অনেক ভূমিকা ছিল।
আইসিসি থেকে ইতিমধ্যে তিন ক্রিকেটারকে শাস্তি দেয়া হয়েছে। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া ঘটনার তদন্ত করতে সাউথ আফ্রিকায় প্রতিনিধি দল পাঠায়। প্রতিনিধি দলের প্রধান ইয়ান রয় জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তারা কোচ ড্যারেন লেহম্যানের দোষ খুঁজে পাননি। টেম্পারিংয়ের সঙ্গে শুধুমাত্র ‘এই তিনজন জড়িত’। আগে থেকে কোচ কিছুই জানতেন না। তাই দলের সঙ্গে তিনি সাউথ আফ্রিকায় থেকে দায়িত্ব চালিয়ে যাবেন।
টিভি ফুটেজে অবশ্য দেখা গেছে, লেহম্যান ওয়াকিটকির মাধ্যমে সাইড লাইনে থাকা দ্বাদশ খেলোয়াড়কে কিছু একটা বলছেন।








