একাত্তরে পরাজিতরা নতুন কৌশলে যুদ্ধ করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, ৭১ এর পরাজিতরা নতুন কৌশলে যুদ্ধ করছে। সাইবার এই যুদ্ধে তথ্য সন্ত্রাসীদের পরাজিত করা হবে। সাইবার ট্রাইবুন্যালে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির কথাও বলেছেন তিনি।
তথ্য প্রযুক্তিতে জ্ঞানের পরিধি বিস্তৃত করলেও সামজিক যোগাযোগ মাধ্যমে অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে জঙ্গী মৌলবাদে উস্কানিও দেয়া হয়। এই তথ্য সন্ত্রাস ঠেকাতে কি করনীয় তা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে। আইনমন্ত্রীও জানালেন, যে ভাবেই হোক এই সন্ত্রাসীদের রুখতে হবে।
আইন মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেন, ৭১’এর পরাজিত শক্তি আবারও শক্তি সঞ্চয় করে নতুন ভাবে যুদ্ধ শুরু করেছে। এবারের এই সাইবার যুদ্ধেও ইনশাল্লাহ তাদের আমরা পরাজিত করবো।
বলেছেন প্রয়োজনে সবার সঙ্গে আলোচনা করে সাইবার সিকিউরিট আইন যুগোপযোগী করা হবে। সাইবার সন্ত্রাস ঠেকাতে সব ধরনের পদক্ষেপ নেয়ার কথা জানলেন আইন মন্ত্রী।
তিনি আরও বলেন, এ পর্যন্ত যারা জীবন দিয়েছে তার বিচার আমাদের করতে হবে। আমাদের প্রমাণ করতে হবে আমরা তাদের বিচার করতে পারি, জেলে দিতে পারি।
আলোচনায় অংশ নেয়া বক্তারা মনে করছেন শুধু আইন প্রণয়নই নয়, এধরনের সন্ত্রাস ঠেকাতে আইনের সঠিক প্রয়োগও জরুরী।






