একসঙ্গে ইমপ্রেসের ১১ স্বল্পদৈর্ঘ্যের মহরত

বাংলাদেশে প্রথমবারের মতো ‘স্বল্পদৈর্ঘ্যে, দীর্ঘ যাত্রা’ এই স্লোগানকে নিয়ে ইমপ্রেস টেলিফিল্ম দেশের ১১ জন তরুণ নির্মাতাকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছে ‘ইতি তোমারই ঢাকা’ নামক একটি বাংলাদেশি অমনিবাস চলচ্চিত্র প্রজেক্ট।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় চ্যানেল আই ভবনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম অমনিবাস (একসঙ্গে ১১ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) এর শুভ মহরত। এগুলো নির্মিত হবে ঢাকা শহরের গল্প নিয়ে।
মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মাতা ও সংগঠক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ইবনে হাসান খান, গোলাম রাব্বানী বিপ্লব, তৌকীর আহমেদ, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, গিয়াস উদ্দিন সেলিম। এই প্রকল্পটির ক্রিয়েটিভ প্রযোজক হিসেবে ছিলেন নির্মাতা আবু শাহেদ ইমন।
চ্যানেল আইয়ের ছাদ বারান্দা থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয় অনন্যা রুমার প্রযোজনায় চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান তারকা কথনে। অনুষ্ঠানটি উপস্থাপন করেন দিলরুবা সাথী।
এসময় ফরিদুর রেজা সাগর বলেন, এই ছবিগুলো আন্তর্জাতিকভাবে নির্মাণ করা হচ্ছে। যা বাংলাদেশের ছবিকে দেশের বাইরে ভালো ছবি হিসেবে পরিচিত করাবে। নতুনদের দিয়ে আমাদের চলচ্চিত্রে সমৃদ্ধি আসবে এই প্রত্যাশা থাকলো।
বাংলাদেশে এমন উদ্যোগটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে আবু শাহেদ ইমন বলেন, গত চার মাস ধরে আমরা এই কাজটির জন্য ওয়াকশর্প করেছি। নিজেদের মধ্যে স্ক্রিপ্ট নিয়ে কথা বলেছি, এটা নিয়ে আমাদের মধ্যে তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে। সবকিছু নিয়ে আমাদের মধ্যে একটা সামগ্রিক সমন্বয় ছিল। তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই স্বল্পদৈর্ঘে্যস্বল্পদৈর্ঘ্যে দীর্ঘ যাত্রা প্রকল্পটি। যা ঢাকা শহরকে নিয়ে ১১ নির্মাতাকে নিয়ে প্রকাশ করতে যাচ্ছি। এটিও পরবর্তীতে দেশে এবং আন্তর্জাতিকভাবে মুক্তি দেয়া হবে।
নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ভবিষ্যৎ তরুণদের হাতে। তারুণ্যের জয় হোক। আশা করছি সফল একটি প্রকল্প আমরা দেখতে পাবো। সবার জন্য শুভ কামনা।
অনুষ্ঠানে নির্মাতা তৌকীর আহমেদ বলেন, চলচ্চিত্র নির্মাতারা অন্য জগতের মানুষ। দেশ অনেক এগিয়ে গেছে। কিন্তু আমি মনে করি আমাদের একটি সাংস্কৃতিক বিপ্লব দরকার। এই দায়িত্ব নিতে হবে ফিল্ম মেকারদের। কিন্তু আমাদের ফিল্ম মেকারদের সংখ্যা কম। নতুনরা আরো বেশি ফিল্ম মেকিংয়ের আসুক। ইমপ্রেস আমাদের যে সুযোগ দিচ্ছে আমাদের কাজে লাগানো উচিত। শুভ কামনা থাকলো।
গিয়াস উদ্দিন সেলিম বলেন, যে এগারজন তরুণ ছবি বানাবে তারা যেন বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের দর্শকদের কাছে ছবি উপহার দেন, তাই প্রত্যাশা করছি। আমার ধারনা তারা পারবেন।
এমন অসাধারণ প্রজেক্টির সাথে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আই, চ্যানেল আই অনলাইন, হ্যাভস মিডিয়া, হ্যাভস আইপজিটিভ, রেডিও ভূমি।
ছবি: জাকির সবুজ









