ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মশিউর রহমান সাদিককে থানায় সোপর্দের একদিন পেরিয়ে গেলেও এখনও আটকে রাখা হয়েছে।
তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মুহাম্মদ গোলাম রব্বানী।
আন্দোলনরত শিক্ষার্থীদেরকে জোরপূর্বক ছাত্রলীগ কর্তৃক আন্দোলন বন্ধ করে দেওয়ার পর মঙ্গলবার রাত ৯টায় তাকে শাহবাগ থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। তার পরিবারের সদস্যরা আসলে ছেড়ে দেওয়া হবে।
মশিউর সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের ছাত্র। অধিভুক্ত সাতটি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে তিনি ফেসবুকে ইভেন্ট খুলে আন্দোলনের ডাক দেন।
তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা করে আন্দোলন বন্ধ করে দেয়ায় সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।







