আগের বিশ্বকাপগুলোতে নাইজেরিয়ার বিপক্ষে সহজে জয় পেলেও এবার অতসহজে ছাড় পাবেন না বলে মনে করছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এবারের নাইজেরিয়া দলটিকে বেশ অচেনাই লাগছে এলএম টেনের।
রাশিয়া বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে নাইজেরিয়া ছাড়াও মেসিদের প্রতিপক্ষ দুই ইউরোপিয়ান দেশ আইসল্যান্ড ও ক্রোয়েশিয়া। ১৭ জুন আইসল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের মিশন।
গত বছর নাইজেরিয়ার কাছে ৪-২ গোলে হারের লজ্জা পেয়েছিল মেসিবিহীন আর্জেন্টিনা। বিশ্বকাপেও আলবিসেলেস্তেদের ছেড়ে কথা বলবে না র্যাঙ্কিংয়ে ৪৭’এ থাকা নাইজেরিয়া। মেসির বিশ্বাস এমনটাই, তাই সতর্ক থাকার পরামর্শ দিলেন সতীর্থদের।
‘আমরা নাইজেরিয়াকে খুব একটা জানি না। আফ্রিকান দলগুলো বেশ কঠিন আর শক্তিশালী হয়। ওদের কাছ থেকে আমরা ছাড় পেয়ে যাবো, এমনটা আশা করা যাবে না।’
শুধুমাত্র নাইজেরিয়া নিয়েই চিন্তিত নন মেসি। তার ভাবনায় আছে গ্রুপের বাকি দুই দলও। বিশেষত ক্রোয়েশিয়ার সামর্থ্য নিয়ে বিশেষ শ্রদ্ধাই ঝরল আর্জেন্টাইন অধিনায়কের কণ্ঠে।
‘ক্রোয়েশিয়া ভাল একটা দল। ওদের অনেক খেলোয়াড়ই ইউরোপের বড় দলে খেলে। এটাই ওদের শক্তিশালী করে তুলেছে।’







