আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রের নতুন নেতৃত্ব ও জেলা নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। সেসময় তিনি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন।
রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নতুন নেতৃত্ব ও জেলার নেতাদের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় করে কাউন্সিলর ডেলিগেটদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের কাজ হচ্ছে জনগণের ভাগ্য গড়া। আর সেটাই আমরা করে যাচ্ছি এবং সেটা আমাদের করতে হবে। মানুষের আস্থা বিশ্বাস এটাই আমাদের বড় শক্তি। আমাদের আর কোনো শক্তি নাই। একমাত্র জনগণের শক্তিতেই আমরা বিশ্বাস করি।’
বিএনপি ও জাতীয় পার্টির সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় থেকে তারা নিজেদের ভাগ্য গড়েছে। বাংলাদেশের মানুষের ভাগ্য গড়েনি।
শেখ হাসিনা আরও বলেন, ‘অনেক বড় বড় দেশ, আমাদের স্বাধীনতার বিরোধীরা কখনও এটা পছন্দ করবে না। কিন্তু আমাদের জনগণকে যদি আমরা ঠিক রাখতে পারি, তবেই বাংলাদেশের উন্নয়ন। বাংলাদেশের মানুষের উন্নতি কেউ আটকাতে পারবে না। যেটা জাতির পিতা বলে গিয়েছিলেন কেউ দাবায় রাখতে পারবা না, সেটা পারবে না। কাজেই এটা আপনারা সবাই সব সময় মাথায় রেখেই সংগঠনটির ওপর বেশি গুরুত্ব দেবেন; সংগঠনকে শক্তিশালী করবেন, এটাই আমার অনুরোধ। ’
টানা দশমবারের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘দোয়া করবেন। আপনারা নির্বাচিত করেছেন আবার। এই এতবার আমার মনে হয় একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। তারপরেও এখন যেহেতু সারা বিশ্বব্যাপী একটা দুঃসময়, আর দুঃসময়ের জন্যই আমি হয়তো মানা করিনি। কিন্তু আমার বয়স হয়েছে, এটা মনে রাখতে হবে।’
গণভবনে নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘যাই হোক আপনারা এসেছেন কষ্ট করে। আপনারা কষ্ট করে এসেছেন গণভবনে, এই ভবন আপনাদেরই ভবন। এটার নাম আব্বা দিয়েছেন গণভবন, কারণ এটা জনগণেরই ভবন।’
টানা দশমবারের সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের নেতারাও গণভবনে উপস্থিত ছিলেন।
গণভবনে শুভেচ্ছা বিনিময়ের আগে সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।








