বাংলাদেশ

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে পারেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুঞ্জনকে অপপ্রয়াস হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ কোনো অপশক্তি বা গণহত্যাকারীকে দেওয়া হবে না।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমরাও শুনছি ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বরে আসতে চান। তাকে ফেরত পাওয়ার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠিয়েছি। আমাদের অবস্থান পরিষ্কার।’

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও এ বিষয়ে সরকারের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তির এ ধরনের অপপ্রয়াস প্রথম থেকেই চালু ছিল। তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

তিনি বলেন, ‘বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ কোনো অপশক্তিকে দেবো না, কোনো পতিত শক্তিকে না, কোনো ফ্যাসিস্টকে না, কোনো পলাতক অপরাধীকে না, কোনো গণহত্যাকারীকেও দেবো না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গণঅভ্যুত্থানের মুখে যারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং দেশের শত শত নাগরিককে হত্যা করেছেন, তাদের কোনো অপতৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না।

বিষয়:ডিসেম্বর বাংলাদেশে ফেরা শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…