বাংলাদেশ

উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত

উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর উত্তরায় ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সড়ক অবরোধের চেষ্টাকে কেন্দ্র করে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ১৯ জন পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার রাজলক্ষ্মী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে টানা পঞ্চম দিনের মতো আন্দোলনে নামেন পোশাকশ্রমিকেরা। শনিবার সকাল ১০টার দিকে উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কসাইবাড়ি রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট এবং জসিমউদ্দিনের হলি ল্যাব মোড়ে জড়ো হতে থাকেন।

পরে বেলা ১১টার দিকে তারা রাজলক্ষ্মীসংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশ অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পাশাপাশি জলকামান ব্যবহার করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

এদিকে, শ্রমিকদের আন্দোলন ঘিরে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উত্তরার আজমপুর, রাজলক্ষ্মী ও বিএনএস সেন্টার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সাঁজোয়া যান (এপিসি) ও জলকামানও প্রস্তুত রাখা হয়।

সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের পরিচয় ও তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়:পোশাক কারখানা পোশাকশ্রমিক পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ সড়ক অবরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…