কক্সবাজারের উখিয়া উপজেলার মনখালী এলাকায় সেনা বাহিনীর নিয়মিত মহড়া চলাকালে কামানের গোলা বিস্ফোরণে সেনা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সেনাবাহিনীর আরো ৩ জন সদস্য।
শনিবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন সেনা বাহিনীর রামুস্থ ১০ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক। তিনি জানান, এতে নিহত হয়েছেন কর্পোরাল ইব্রাহিম খলিল। আহত হয়েছেন, লেন্স নায়েক হাবিব, সার্জন রাসেল, কর্পোরাল হুমায়ুন।
তিনি জানান, সেনা বাহিনীর নিয়মিত মহড়া কালে কমানের গোলা ভর্তি করতে গিয়ে এ বিস্ফোরণ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা শেষে রাত ১১ টায় বিশেষ হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।






