কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্ঝন ( বিএ-১১৪৫৩) নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে তিনটার দিকে ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সেনাবাহিনীর সারারাতের শ্বাসরুদ্ধকর অভিযানকালে ডাকাতের গুলিতে ও ছুরিকাঘাতে গুরুতর আহত হন সেনাকর্মকর্তা। তাকে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে রামু এলাকায় পৌঁছলে মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুর কাদের ভূঁইয়া।
এসময় ডাকাত দলের দুর্ধর্ষ সদস্য জিয়াবুল ও বেলালসহ তিনজনকে আটক করা হয়।
চকরিয়া থানার ওসি জানান, সেনাবাহিনীর একটি টিম অস্ত্র উদ্ধার অভিযানে যায় ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে। রাত সাড়ে তিনটায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিমের সাথে ডাকাতের ধস্তাধস্তি হয়, একপর্যায়ে ডাকাতরা ছুরিকাঘাত ও গুলি ছুড়ে। গুরুতর আহত সেনা কর্মকর্তা তানজিমকে কক্সবাজার নেওয়ার পথে মারা যায়।
কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনার পর ময়নাতদন্ত করা শেষে ১১টার দিকে লেফটেন্যান্ট তানজিমের মরদেহ রামু সেনানিবাসে নিয়ে যাওয়া হয়।








