উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি সামরিক ফাঁড়িতে আত্মঘাতী জঙ্গি হামলায় ১২ জন সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ১৯ নভেম্বরের এই হামলায় ফাঁড়ির আশেপাশের অবকাঠামোও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেনাবাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে জানিয়েছে, জঙ্গিরা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ফাঁড়ির প্রাচীরে ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটায়। হামলায় ছয় জঙ্গি নিহত হয়েছে। অপরাধীদের ধরতে আশেপাশের এলাকায় অপারেশন চালানো হয়েছে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে।
হামলার দায় স্বীকার করেছে ইসলামি জঙ্গি গোষ্ঠী হাফিজ গুল বাহাদুর। এই গোষ্ঠী দীর্ঘদিন ধরেই পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে সক্রিয়। তবে সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে হামলাকারীদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
খাইবার পাখতুনখোয়া প্রদেশ এবং আশেপাশের এলাকায় সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান এখন একদিকে উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামি জঙ্গিদের কার্যক্রম, অন্যদিকে দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানে জাতিগত বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের সাথে লড়াই করছে।







