ইতালি থেকে: ইতালিতে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের মরদেহ বিনা খরচে পাঠানোর ব্যবস্থা করবে ইতালির বাংলাদেশ দূতাবাস। ইতালি প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠাতে ৭০ লাখ টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে।
বরাদ্দকৃত অর্থ ইতালির রোম ও মিলানের জন্য ধার্য’ করা হয়েছে। এর মধ্যে রোমের জন্য ৫০ এবং মিলানের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। ফলে প্রবাসী বাংলাদেশিদের নিজের কোনো টাকা খরচ করতে হবে না।
এ সংক্রান্ত একটি আদেশ সম্প্রতি রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পৌঁছেছে। রোমে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার বরাদ্দকৃত অর্থের ঘোষণা নিশ্চিত করেছেন।
গত দুই বছর থেকে ইতালিতে বাংলাদেশ বিমান বন্ধ করে দেওয়ায় বাংলাদেশিরা চরম বিপাকে পড়েন। দীর্ঘ দাবি ও আলোচনার পর ৩০ জুলাই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ২৬ তম সভায় ইতালি থেকে মরদেহ দেশে পাঠানোর বিষয়টি উপস্থাপন করা হলে তা গৃহীত হয়।
তবে এ সুবিধা পেতে প্রবাসী বাংলাদেশিদের মরদেহ পাঠানোর শর্ত হিসেবে প্রত্যেক প্রবাসীকে বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ করতে হবে।
এ সুবিধার আওতায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার পর মরদেহ দেশে পৌঁছানোর পর মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা বিমানবন্দর থেকে ৩৫ হাজার টাকা পাবেন। পরবর্তীতে আরও ৩ লাখ টাকা দেয়া হবে।








